উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগের কথা জানিয়ে তিনি বলেছেন, বিএনপি ও সরকারকে বিব্রতকর পরিস্থিতি থেকেই বাঁচাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে অভিযানে কোনো ভুল করেননি বলেও দাবি করেছেন তিনি। ইশরাকের পদত্যাগের ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে এবং এর মধ্য দিয়ে এ পর্যন্ত বর্তমান বিএনপি সরকারের মন্ত্রিসভা থেকেই তিনজন সদস্য বাদ পড়লেন।
স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের সময়ে প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ বা মন্ত্রিসভা থেকে বাদ পড়ার ঐতিহাসিক নজির রয়েছে। দুর্নীতি, বিতর্কিত বক্তব্য, নীতিগত মতবিরোধ ও রাজনৈতিক চাপের কারণে অতীতে বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে পদ ছাড়তে হয়েছে। তবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে অভিযান চালানোর ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রিত্ব ছাড়ার কোনো পূর্ববর্তী নজির নেই। সেই দিক থেকে ইশরাকের এই পদত্যাগ একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।