উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি রয়েছে। এরই মধ্যে রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন রেকর্ড পর্যায়ে নেমে যাওয়ার তথ্য প্রকাশ পেয়েছে। জ্বালানির উচ্চ মূল্যের কারণে মার্কিনদের উদ্বেগ বাড়ছে এবং আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোটাররা রিপাবলিকান পার্টিকে শাস্তি দিতে যাচ্ছেন বলে ইঙ্গিত মিলেছে।
চার দিন ধরে চলা ওই জরিপে দেখা গেছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট রয়েছেন। দুই সপ্তাহ আগের তুলনায় এই হার আরও ১ শতাংশ কমে গেছে, যা ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার সময়ে সর্বনিম্ন সমর্থন। এছাড়া ডেমোক্র্যাটদের ১২ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা চলতি নির্বাচনী চক্রে এখন পর্যন্ত সর্বোচ্চ।
জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল আজ কংগ্রেস নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন, যার জবাবে ৪৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৩৫ শতাংশ রিপাবলিকান পার্টিকে বেছে নেওয়ার কথা জানান। রিপাবলিকান কংগ্রেস প্রার্থীদের প্রতি সমর্থন কমে যাওয়ার বড় কারণ হলো আগের তুলনায় বেশি নারী ভোটার ডেমোক্র্যাটদের বেছে নিচ্ছেন। প্রায় ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের ভোট দেবেন বলেছেন, যেখানে ৩২ শতাংশ নারী রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে মিত্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামতে শুরু করে। ওই যুদ্ধের জেরে বিশ্বজুড়ে পেট্রলের দাম বাড়ায় সাধারণ মানুষ দৈনন্দিন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। অর্থনীতি সামলানোর ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা নিয়ে ৬৮ শতাংশ মার্কিন নাগরিক অসন্তুষ্ট প্রকাশ করেছেন, যাদের মধ্যে ৩৭ শতাংশ নিজেদের রিপাবলিকান সমর্থক বলে পরিচয় দিয়েছেন।