উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে ৩ থেকে ৪টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সামনে রেখে উভয় পক্ষের মধ্যে ৮টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে।
পররাষ্ট্রসচিব জানান, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মেট্রোরেলসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। বাংলাদেশ সব দেশের কাছ থেকেই কম সুদে ঋণ পেতে চায়। তবে এ বিষয়ে আলোচনার ফলাফল সফরের পরই জানা যাবে এবং দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশের বিষয়েও আলোচনা চলছে।
পররাষ্ট্র সচিব খলিলুর রহমানের সফরসঙ্গী না থাকা প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে উনি উজবেকিস্তানে একটি বৈশ্বিক সভায় অংশগ্রহণ করছেন। সুতরাং ওনার সিডিউলের সঙ্গে ম্যাচ করলে এটা ভালো হবে। বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) প্রসঙ্গে তিনি জানান, চুক্তি স্বাক্ষরিত হলেও জাপানের অভ্যন্তরীণ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প প্রসঙ্গে সচিব বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ আমদানি-রপ্তানির চাহিদা বিবেচনায় বন্দরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১০ বছরে সম্ভাব্য বাণিজ্যিক চাহিদা সামাল দেওয়ার সক্ষমতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বাংলাদেশ সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখে এবং দেশের কল্যাণে কাজ করে বলে তিনি উল্লেখ করেন।