উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৬ নম্বর চতুল ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী আলিমুজ্জামান। পরিদর্শনকালে তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে কাজী আলিমুজ্জামান ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন এবং সুযোগ দেন, তবে আমি সবসময় আপনাদের সুখে-দুখে পাশে থাকতে চাই। চতুল ইউনিয়নবাসীর সেবায় তিনি একটি এম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন চতুল বাইখির শেখ আব্দুর রাজ্জাক একাডেমি স্কুলের প্রধান শিক্ষক বাবু মলয় কুমার বোস, মো. সোহেল খান, সাবেক ইউপি সদস্য ওলিয়ার রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় চতুল ইউনিয়নে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট থাকবে।