উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্ট-ফুড কর্নার নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের টিনের চালের স্ক্রু খুলে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার সিগারেট ও নগদ টাকা চুরি হয়েছে। শুক্রবার ১৬-১০-২০২৬ ইংরেজি তারিখে রাত থেকে শনিবার ১৭ অক্টোবর সকাল সাড়ে আটটার মধ্যে এই ঘটনা ঘটে। দোকান মালিক মোঃ বিপ্লব মোল্যা বোয়ালমারী বাজার এলাকার বাসিন্দা এবং তাঁর বাবার নাম মৃত মুনতাজ মোল্যা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ১০টায় দোকানে এসে বেচাকেনা করেন বিপ্লব মোল্যা। রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টায় দোকানে এসে শাটারের তালা খুলে ভেতরে প্রবেশ করেন তিনি। এই সময় তিনি দোকানের টিনের চালের স্ক্রু খোলা দেখতে পান।
দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০০ কার্টন সিগারেট এবং ক্যাশে থাকা ৩ হাজার ৭০০ টাকা খুঁজে পাননি তিনি। চুরি হওয়া সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর আশপাশের দোকানদারদের ডেকে বিষয়টি দেখান ও জানান তিনি।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বিপ্লব মোল্যা। বোয়ালমারী থানার ডিউটি অফিসার মো. নাসিরুদ্দিন শনিবার বিকেলে জানান যে এই বিষয়ে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।