উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিয়ানার সোনিপতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গ্রেপ্তার রেহানের মা শামশিদা দাবি করেন, তাঁর ছেলেকে ভুল বুঝিয়ে ফাঁদে ফেলা হয়েছে।
শামশিদা আরও জানান, কিছুদিন আগে কিছু লোক গাড়ি করে এসে রেহানকে নিয়ে যায় এবং গত ২০ দিন ধরে ছেলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। গত রোববার জুহুতে ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়িতে হামলা হয় এবং গাড়িচালকসহ দুজন আহত হন।
ঘটনার পরদিন সোমবার রাজস্থানের কোটা রেলস্টেশনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হরিয়ানার রেহান ছাড়াও বিহারের ঋত্বিক ওরফে রোশন রয়েছেন।
এদিকে লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য পরিচয় দিয়ে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি হামলার দায় স্বীকার করলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। হামলাকারীদের আসল উদ্দেশ্য ও পেছনের চক্রকে খুঁজে বের করতে মুম্বাই পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।