উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল চারটার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ, মোখলেসুর রহমান ও শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র।
এছাড়া মোখলেসুর রহমান একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ কর্মকর্তা জুয়েল রানা জানান, গ্রেপ্তার তিনজন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারা ফ্ল্যাটটিতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।