উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দর্শনা পৌর এলাকার পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মো. মশিউর রহমান। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করেন। মঙ্গলবার ২০ অক্টোবর সন্ধ্যায় সাড়ে ৬ টার সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি পৌর এলাকার পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে আলহাজ্ব মো. মশিউর রহমান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে এটাই আমাদের প্রত্যাশা, এবং দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
তিনি আরও বলেন, এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্যাপন করতে পারেন, সে জন্য আমাদের সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বিএনপি সব সময় মানুষের পাশে থাকতে চায় এবং আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করুক। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব এবং সমাজে বিভেদ নয়, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, পৌর বিএনপি নেতা আজিজুল হক, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ। এছাড়া দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোহন ও মোরশেদুর রহমান লিংকন, সদস্য আকাশ খান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বিদ্যুৎ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাফিজ ইকবাল উপস্থিত ছিলেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ রতন, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও দর্শনা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নানসহ দর্শনা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।