উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিদ্ধিরগঞ্জে ক্রয়কৃত ৭৫ শতাংশ জমি জোরপূর্বক দখল, সাইনবোর্ড টাঙানো এবং দেড় কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. শাহ জাহান বাচ্চু। মঙ্গলবার ২০ অক্টোবর বিকেলে তিনি থানায় এই অভিযোগ দায়ের করেন। এর আগে গত ১৮ অক্টোবর দুপুর ১২টার দিকে পূর্ব সানারপাড় সোনামিয়া মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় সিএস ও এসএ-২৮ এবং আরএস-৫২ দাগে ৩৬ শতাংশ জমি এবং সিএস ও এসএ-২৯ ও আরএস-৫১ দাগে ৩৯ শতাংশ জমিসহ মোট ৭৫ শতাংশ জমি প্রায় তিন বছর আগে মো. শাহ জাহান বাচ্চু ও তাঁর নয় সহযোগী ক্রয় করেন। জমি ক্রয়ের পর তাঁরা সীমানাপ্রাচীর নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি ওয়ারিশসূত্রে নিজেদের বলে দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন এবং দেড় কোটি টাকা চাঁদা দাবি করেন।
গত ১৮ অক্টোবর দুপুরে আতাউর রহমান সরকার, মাঈনুল ইসলাম, সামছুদ্দিনসহ ৩৪ জন নামীয় ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করেন। পরে জমিটি দখলের উদ্দেশ্যে সেখানে নিজেদের নামসংবলিত সাইনবোর্ড টাঙিয়ে দেন বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে জমির মালিকেরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা পুনরায় দেড় কোটি টাকা চাঁদা দাবি করেন এবং তাঁদের গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন।
ভুক্তভোগী মো. শাহ জাহান বাচ্চু বলেন, আমরা বৈধভাবে জমি কিনে সীমানাপ্রাচীর নির্মাণ করে ভোগদখল করে আসছি কিন্তু এখন জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে এবং আমাদের কাছে বিপুল অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আতাউর রহমান সরকার বলেন, আমি অসুস্থ মানুষ, ওই জায়গায় আমি যাইনি এবং যারা ওয়ারিশসূত্রে মালিক তারাই সাইনবোর্ড টাঙিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, জমিসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।