উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ে বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতা–কর্মী অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এমন প্রার্থী বেছে নেওয়ার নির্দেশ দেন যাঁদের জনসমর্থন ও গ্রহণযোগ্যতা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই দায়িত্ব পালন করলে অপরাধ কমে যাবে। এ সময় নিষিদ্ধ সংগঠন এবং বিভিন্ন মহলের গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়।
এর আগে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে ও পূজামণ্ডপ পরিদর্শনে সামরিক বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং তাঁর আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। এর আগে গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করেছিলেন।