উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং-সংলগ্ন আলোচিত ঘুন্টিঘর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সেখানে এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। গত শনিবার (১৭ অক্টোবর) ওই একই স্থানে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সমালোচনার মুখে পড়েন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা সবাই মাদকসেবী এবং তাদের কাছে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান শুরু করলে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং অনেকে দেয়াল টপকে পালিয়ে যান। পরে ওই এলাকা থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
গেন্ডারিয়ার থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘুন্টিঘরে নিয়মিত অভিযান চালানো হয় এবং এখানে ভাসমান মাদক বিক্রেতা ও মাদকসেবীরাই বেশি আসে। এ জন্য পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না এবং পুলিশ স্থায়ী সমাধানের চেষ্টা করছে। এর আগে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে স্পটটিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের সাজা দেওয়ার পাশাপাশি মাদক সেবনের অস্থায়ী কাগজের ছাউনি ও ঝুপড়িগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।