উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়।
আজ ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ও চিকিৎসাধীন অবস্থায় অন্তত ১৪ জন নিহত হন এবং অন্তত ৩২ জন আহত হন। এমন মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সহযোগিতার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।
দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধের দাবি জানান জামায়াত সেক্রেটারি। পাশাপাশি সড়ক সিন্ডিকেট ভেঙে সাধারণ নাগরিকদের জীবন ও সম্পদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।