উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মুম্বাইয়ে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে ভারত–যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য এবং প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই শীর্ষ কূটনীতিক আলোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রুবিও জানান, দুই দেশের সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি জ্বালানি ও প্রতিরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি প্রায় ১৩ শতাংশ কমেছে। তা সত্ত্বেও ভারত তার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি সচল রাখতে রুশ তেল আমদানি অব্যাহত রেখেছে।
দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি জয়শঙ্কর ও রুবিও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সেখানে জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং সমসাময়িক ঘটনাবলি নিয়ে অত্যন্ত কার্যকর মতবিনিময় হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেন, এই ত্রিপক্ষীয় বৈঠকটি জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে তিন দেশের সম্পর্ককে বাস্তব ফলাফলে রূপ দেবে। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠক আমিরাত থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।