উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ধর্মের ভিত্তিতে কোনো রাজনৈতিক বিভাজন নয়, বরং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা-১০ সংসদীয় আসনের আটটি পূজামণ্ডপ পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এই কথা জানান। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, দেশের সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন।
মন্ত্রী আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও অধিকার কারও করুণা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এলাকার মানুষ তাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি জানান, তিনি এ এলাকারই সন্তান, সবার ভাই, বন্ধু ও প্রতিবেশী। তাই এলাকার মানুষের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা তার দায়িত্বের অংশ বলে তিনি মন্তব্য করেন।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানান মন্ত্রী। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোথাও সমস্যা হলে তাকে জানানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, আপনাদের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব, এটি কোনো করুণার বিষয় নয়।
ঢাকা-১০ আসনের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এলাকার বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের বয়স আট মাস হয়েছে এবং এর মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলেছে বলে জানান তিনি। আগামী দিনে আরও উন্নয়ন দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।