উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ নামের ২৬ বছর বয়সী এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তাঁর বাবার নাম নাজির আহমেদ এবং স্থায়ী ঠিকানা পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকায়। মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহসীন আল মুরাদ তাঁর বৃত্তান্ত ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ বনশ্রীর বাসা থেকে শাহবাজের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ১০টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসার দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পাওনাদারদের চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বিদেশে লোক পাঠানোর কথা বলে বাংলাদেশি বেশ কিছু নাগরিকের কাছ থেকে টাকা নিয়েছিলেন শাহবাজ, কিন্তু তাঁদের পাঠাতে পারেননি। এ ছাড়া কয়েক মাস আগে শাহবাজের স্ত্রীও তাঁকে ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন।