উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দায় ব্যবসার কথা বলে এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত মিষ্টি ব্যবসায়ী ও তার ছেলের বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ী নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন লক্ষরদিয়া গ্রামের মিষ্টি ব্যবসায়ী উত্তম কুমার ঘোষ এবং তার ছেলে উজ্জ্বল ঘোষ।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা গত ১৮ সেপ্টেম্বর ৩ লাখ টাকা এবং ৬ অক্টোবর ২ লাখ ৮০ হাজার টাকাসহ সর্বমোট ৫ লাখ ৮০ হাজার টাকা নগদ গ্রহণ করেন। এর বিপরীতে উজ্জ্বল ঘোষ একটি চেকে স্বাক্ষর করে দেন এবং প্রতিদিন ২ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু লভ্যাংশ ও মূলধনের টাকা না দিয়ে গত ১৯ অক্টোবর তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।
বর্তমানে অভিযুক্তদের ব্যবহৃত সব মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া, অন্য এক ব্যক্তির কাছ থেকেও বিকাশের মাধ্যমে ১ লাখ ৮২ হাজার ১৮৫ টাকা নিয়ে ওই বাবা-ছেলে আত্মগোপন করেছেন। ভুক্তভোগী মিন্টু খন্দকার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা শেষে প্রশাসনের কাছে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের প্রার্থনা জানিয়েছেন।