উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজের ওপর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ৪৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করা হয়েছে। নিহত সামিউল ইসলাম পাবনার চাটমোহর উপজেলার আলমনগর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বড় ভাইয়ের সঙ্গে ভাঙ্গুড়া উপজেলার কুঠিপাড়া এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসে সামিউল। বিকেলে দুই ভাই ঘোরাঘুরির উদ্দেশ্যে বড়াল ব্রিজ রেলস্টেশনের দিকে যায় এবং একপর্যায়ে বড়াল ব্রিজের ওপর ওঠে।
এ সময় হঠাৎ বনলতা এক্সপ্রেস ট্রেন চলে এলে দুই ভাই সরে যাওয়ার চেষ্টা করে। বড় ভাই দ্রুত সরে যেতে সক্ষম হলেও সামিউল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।