উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে মুখোশ ও হেলমেট পরা একদল ব্যক্তি হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন কুরিয়ার সার্ভিসটির কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা চলে যাওয়ার আগে জমির ভাড়া পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দেওয়ার হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কুরিয়ার সার্ভিসের কার্যালয়টি যে ভবনে অবস্থিত সেটির নিরাপত্তা ইনচার্জ পুলিশের কাছে অভিযোগ করেছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম করে একটি দল কার্যালয়ে ভাঙচুর চালায়। পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার বিবরণ দিয়ে নিরাপত্তা ইনচার্জ মো. রুহুল আমিন জানান, সন্ধ্যায় শতাধিক ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রথমে আশপাশের বাড়ির সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। পরে তাদের একটি দল দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয় এবং গুদাম থেকে সিসি ক্যামেরা, ডিভিআর, আসবাবপত্র ও কয়েকটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী প্রতিষ্ঠান জানায়, দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে জমিটি ভাড়া নিয়ে সেখানে প্রধান গুদাম ও কার্যালয় নির্মাণ করা হয়। হামলাকারীরা দাবি করেছে যে শিকদার গ্রুপের মালিকের সঙ্গে কথা হয়েছে এবং এখন থেকে জমির ভাড়া ইমনকে দিতে হবে। এই ঘটনার পর থেকে দেশজুড়ে পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।