উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রাম থেকে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে এসআরবি-১২। বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান আকন্দ।
মঙ্গলবার দুপুরে এসআরবি-১২ এর একটি চৌকস আভিযানিক দল তেলকুপি ঈদগাহ মাঠ সংলগ্ন কাঠেরপুল এলাকায় অভিযানটি পরিচালনা করে। যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় মোছাঃ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামের ওই নারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শাহনাজ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।
ঘটনার দিন ২১ জানুয়ারি ২০২৬ তারিখে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।