উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে জাপানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ ঘোষণা দেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানি প্রতিনিধিরা দেশের পর্যটন অবকাঠামো ও সেবা খাতের উন্নয়নে সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রস্তাবিত ১২০ কোটি মার্কিন ডলারের এ বিনিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পর তা সরকারের পর্যালোচনার জন্য উপস্থাপন করা হবে।
বিনিয়োগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পুরোনো বন্ধু এবং পর্যটন খাতের উন্নয়নে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। তিনি জানান, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে একটি লাভজনক প্রক্রিয়ায় বিদেশি বিনিয়োগ বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
বৈঠকে মন্ত্রী সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শনে বিনিয়োগকারীদের সহায়তা করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে (বিটিবি) দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি সুন্দরবন, কক্সবাজার সমুদ্রসৈকত ও সিলেটের চা-বাগানের মতো বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ তুলে ধরে অবকাঠামো ও সেবার মানোন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।