উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন। রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তাঁর উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এর পরদিনই প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলেন বলে জানান তিনি।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, আজকের দিন থেকে তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পুরোপুরি সক্রিয় না থাকায় তাঁরা নিজেরাই কিছু উদ্যোগ নিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমস্যা নিয়ে তাঁরা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ইশরাক হোসেনের কাছে মেয়র পদে নির্বাচনের বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, মেয়র নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের একক এখতিয়ারভুক্ত। দল তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দিলে তিনি শতভাগ প্রস্তুত আছেন বলে জানান।
রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, তিনি দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার হননি। তবে জামায়াতে ইসলামীর একজন নেতার পক্ষ থেকে তাঁকে সন্ত্রাসী বলার বক্তব্যে তিনি ব্যথিত হয়েছেন বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলন শেষে নেতা–কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি গাড়িতে চড়ে স্থান ত্যাগ করেন।