উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৪৫তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের নাম সংযুক্ত করে আবার গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন বঞ্চিত প্রার্থীরা। তাঁদের মধ্যে মোহাম্মদ হাবিবুল ইসলাম নামের এক প্রার্থী আমরণ অনশন শুরু করেছেন। আজ বুধবার বেলা সাড়ে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।
নিজের নাগরিক অধিকার ও গেজেট থেকে বাদ পড়ার কারণ জানতে চেয়ে হাবিবুল ইসলাম বলেন, একজন নাগরিক হিসেবে সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে আমার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে সরকার আমাকে বঞ্চিত করেছে। আমার জানামতে, আমি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নই এবং কোনো ফৌজদারি মামলার আসামিও নই। তাহলে রাষ্ট্র আমাকে কেন গেজেট থেকে বাদ দিল, সেই কারণ জানতে চাই।
৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটে নাম না আসায় হতাশা প্রকাশ করেছেন চিকিৎসক সুব্রত তালুকদার। তাঁর বাড়ি সুনামগঞ্জের মধ্যনগরে। তিনি বলেন, গেজেটে নাম এলে উপজেলা পর্যায়ে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ পেতেন। তাঁর নিজের এলাকার মানুষই স্বাস্থ্যসেবা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত। সেখানে চিকিৎসকের প্রয়োজনও অনেক বেশি। কিন্তু সেই এলাকা থেকে উঠে এসেও শেষ পর্যন্ত তাঁকে বঞ্চনার শিকার হতে হয়েছে।
মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একরাম গাজী হৃদয় বলেন, বঞ্চিত প্রার্থীদের মধ্যে যাঁদের বিরুদ্ধে কোনো মামলা বা অপরাধে জড়িত থাকার প্রমাণ নেই, তাঁদের বিষয়ে আবার তদন্ত করে গেজেটে অন্তর্ভুক্ত করা হোক। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেই কেউ অপরাধী হয়ে যান না। শুধু অতীতের রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা করে যেন কাউকে গেজেট থেকে বাদ দেওয়া না হয়।