উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যান্সার, কিডনি রোগসহ সাতটি জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের এককালীন এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ কর্মসূচির আওতায় মোট ৬৫ হাজার রোগীকে সহায়তা দেওয়া হবে এবং এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৫০ কোটি টাকা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ কর্মসূচির লক্ষ্য অসচ্ছল ও দরিদ্র রোগীদের চিকিৎসার সুযোগ বাড়ানো এবং তাঁদের পরিবারের আর্থিক চাপ কমানো।
সরকারের এ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সাতটি রোগ অন্তর্ভুক্ত রয়েছে, যা হলো ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া। চূড়ান্তভাবে মনোনীত প্রতিটি রোগী চিকিৎসার জন্য এককালীন এক লাখ টাকা পাবেন এবং নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একই অর্থবছরে একবার এবং সারা জীবনে সর্বোচ্চ তিনবার এ অনুদান নিতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রোগী নির্বাচনের ক্ষেত্রে দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
জরুরি চিকিৎসা প্রয়োজন, জীবন সংকটাপন্ন এবং প্রতিবন্ধী, শিশু, নারী বা বয়স্ক ব্যক্তিরা এই অনুদানে অগ্রাধিকার পাবেন। রোগী নিজে বা তাঁর পরিবারের সদস্য, অভিভাবক কিংবা আইনগত প্রতিনিধি সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করবে। তবে আবেদনে অসত্য তথ্য বা ভুয়া সনদপত্র জমা দিলে কিংবা আগে থেকেই অন্য সরকারি সহায়তা পেয়ে থাকলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবে।