উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া জেড. এ. মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও পরিচিত ব্যক্তিত্ব আফজাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ২১ অক্টোবর বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আফজাল হোসেন দীর্ঘকাল উক্ত বিদ্যালয়ে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে শিক্ষকতা করেছেন। তাঁর হাত ধরে এলাকার হাজারো শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠেছেন এবং একজন আদর্শবান শিক্ষক হিসেবে পুরো অঞ্চলে তাঁর সুখ্যাতি ছিল। তাঁর প্রয়াণে স্থানীয় শিক্ষা অঙ্গনে এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শিক্ষক আফজাল হোসেনের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে যৌথ শোকবার্তা দিয়েছেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা বলেন, স্যারের বিদায় আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি, তিনি কেবল একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, বরং আমাদের নীতি ও আদর্শের আলোকবর্তিকা ছিলেন।