উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন। তিনি বলেন, যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে হয়ে থাকে, আমি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি এই অভিযানের মাধ্যমে, সেটার জন্য আগে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি এবং কেবল নিজের নিরাপত্তার জন্য অস্ত্র রেখেছিলাম।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান যে তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগের আবেদনে সদয় সম্মত হয়েছেন এবং তাঁকে ঢাকা-৬ আসনসহ পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূলের মতো জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া ঘুণ্টিঘরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন, যা নিয়ে দেশজুড়ে নানা আলোচনার জন্ম দেয়। এ ঘটনার পর রবিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকারসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সূত্র জানায়।
প্রাথমিকভাবে পদত্যাগের খবরকে গুজব ও অসত্য দাবি করা হলেও সোমবার সকালে ফেসবুকে এবং দুপুরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। সংবাদ সম্মেলন শেষে নেতা–কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে গাড়িযোগে প্রেসক্লাব প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।