উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের অ্যাথলেটিকসে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। এরই অংশ হিসেবে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬। তিন দিনের এই আসরে ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নেবেন এবং পুরুষদের ২২টি ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে লড়বেন প্রতিযোগীরা।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ৪৩১ জন পুরুষ ও ১৩৪ জন নারী অ্যাথলেট এবং তাদের সঙ্গে থাকবেন ১১০ জন ম্যানেজার ও কোচ। বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশন জানিয়েছে, এবারের আয়োজন কেবল পদক জয়ের লড়াই নয় বরং দেশের অ্যাথলেটিকসে নতুন সম্ভাবনা খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ফেডারেশন সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ জাবের জানান, প্রতিভা অন্বেষণ কর্মসূচির পরীক্ষামূলক পর্যায়ে প্রথমে লক্ষ্মীপুর ও যশোরকে বেছে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ১১টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রতিযোগিতা থেকে উঠে আসা সম্ভাবনাময় অ্যাথলেটদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও পরিচর্যার আওতায় আনতে চায় ফেডারেশন তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ আবাসন ও প্রশিক্ষণসুবিধার অভাব। জাতীয় স্টেডিয়ামের পাশে ভলিবল ফেডারেশনের জায়গায় চার থেকে পাঁচতলা একটি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে ফেডারেশন। প্রস্তাবিত ভবনে নারী ও পুরুষ অ্যাথলেটদের পৃথক আবাসনের পাশাপাশি জেলা পর্যায় থেকে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
প্রযুক্তিগত দিক থেকেও এবারের প্রতিযোগিতায় গুরুত্ব দেওয়া হচ্ছে নির্ভুল ফলাফলে এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন জানান অকেজো অবস্থায় থাকা ইলেকট্রনিক ফটোফিনিশিং ব্যবস্থা বুয়েটের প্রকৌশলীদের সহযোগিতায় বিনা খরচে সচল করা হয়েছে। প্রতিযোগিতার সাতটি থ্রো ইভেন্ট ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ২৪ অক্টোবর ভোর ৫টায় পূর্বাচলের ৩০০ ফিট সড়কে হবে ম্যারাথন। এবারের আসরের টাইটেল স্পন্সর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং পাওয়ার্ড বাই আনোয়ার ইস্পাত, যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য যথাক্রমে ৬ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে এবং রেকর্ড গড়া অ্যাথলেট পাবেন ২০ হাজার টাকা ও সেরা অ্যাথলেটকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হবে।