উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিশোরগঞ্জ সদর উপজেলার ২ নম্বর লতিবাবাদ ইউনিয়নকে সুন্দর, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম (শহিদ)। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। মো. শহিদুল ইসলাম শহিদ বিএনপির দুঃসময়ের একজন ত্যাগী ও কারানির্যাতিত নেতা এবং কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শহিদুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি রাজনীতি করেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাঁকে নির্যাতন ও জেল-জুলুমের শিকার হতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি মানুষের পাশে থাকার প্রত্যয় ধরে রেখেছেন এবং নির্বাচিত হলে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেছেন। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করাকে অগ্রাধিকার দিয়ে তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ন্যায়বিচার পান এবং নাগরিক সেবা গ্রহণে কোনো হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হবে যাতে সবাই সহজে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন। ইউনিয়নবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় লতিবাবাদ ইউনিয়নকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সবার দোয়া ও সমর্থন চেয়েছেন।