উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্ত করার দায়ে বুধবার মেটাকে ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক। বড় কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি জরিমানার ঘটনার মধ্যে এটি অন্যতম। নিউ মেক্সিকো কর্তৃপক্ষ ২০২১ সালে রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য ফাঁসের বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে মেটার বিরুদ্ধে এ মামলা করেছিল। মামলায় অভিযোগ করা হয়, ব্যবহারকারীদের তথ্যের ব্যবহার, গোপনীয়তা এবং ফেসবুকের বিভিন্ন নীতি নিয়ে মেটা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল।
দুই সপ্তাহের শুনানি শেষে গত মাসে সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক মেটার বিরুদ্ধে এই আদেশ দেন। বিচারক ফ্রান্সিস জে ম্যাথিউ বলেন, মেটা নিউ মেক্সিকোর ভোক্তা অধিকার সুরক্ষা আইন অন্তত ৪ কোটি ৩০ লাখ বার লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী, প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আদালতের এই সিদ্ধান্ত ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার জন্য বড় একটি ধাক্কা হিসেবে এসেছে।
বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা মেটার বিরুদ্ধে হাজারো মামলা করেছেন, যেখানে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করা এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নিউ মেক্সিকো নেতৃত্ব দিচ্ছে এবং উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে। শিশু-কিশোরদের ক্ষতি করার জন্য আলাদা একটি মামলায় নিউ মেক্সিকোর এক বিচারক গত আগস্টে মেটাকে আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেন এবং এর আগে গত মার্চে একই মামলায় ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।