উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীর রায়পুরায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে দুই দিনে তিনটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। বুধবার ২১ অক্টোবর বিকেলে রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম-সেবা’র নির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত অভিযান চলছে। রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে থানা পুলিশের বিভিন্ন দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মো. ইসমাইলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তার মায়ের ঘরের চালের ড্রাম ও নিজ বসতঘর থেকে দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে ১৮ অক্টোবর রাতে উত্তর বাখরনগর ইউনিয়নের বাঘমারা সেতুতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বিজয় মিয়ার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং জুম্মন মিয়াকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।
এ ঘটনায় ১৯ অক্টোবর রায়পুরা থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, রায়পুরাসহ নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।