উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরব থেকে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক প্রাণঘাতী হামলার মুখে রয়েছে সৌদি আরব। এমন প্রেক্ষাপটে গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশের কথা জানাল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন। টমি পিগট বলেছেন, ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমেই বেশি শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। এর মধ্যে দেশটির বেসামরিক বিমানবন্দরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলাও রয়েছে।
চলতি মাসে সৌদি আরবে প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে হুতিরা। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। কয়েক বছরের মধ্যে এটি ছিল সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা।
বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, একটি তেল স্থাপনা লক্ষ্য করে আসা একটি ড্রোন প্রতিহত করা হয়। এরপর এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গত জুনে ইয়েমেনের গৃহযুদ্ধে চার বছর ধরে চলা যুদ্ধবিরতির অবসান ঘটে। এতে ২০১৪ সালে শুরু হওয়া সংঘাত আবার তীব্র হয়ে ওঠে।