উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক ‘ভিনফাস্ট ট্রং ডং স্টেডিয়াম’।
ভিয়েতনামের ভিনগ্রুপের নেতৃত্বে ৩৫ বিলিয়ন ডলারের ‘অলিম্পিক স্পোর্টস সিটি’ প্রকল্পের অংশ হিসেবে এটি তৈরি হচ্ছে। গত ২০২৫ সালের ১৯ ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং লক্ষ্যমাত্রার এক বছর আগেই ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ভেন্যু, যার ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার। তবে নির্মাণাধীন ভিয়েতনামের এই স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা ১ লাখ ৩৫ হাজার, যা ভারতের স্টেডিয়ামটির তুলনায় ৩ হাজার বেশি।
ভিয়েতনামের ঘরোয়া ফুটবল ম্যাচে গড়ে ৬ হাজারেরও কম দর্শক উপস্থিত হওয়ায় এটি কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিনগ্রুপের প্রত্যাশা, আন্তর্জাতিক কনসার্ট ও বড় আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে।
আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন এবং দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবেই এই মেগা স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।