উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে নিবন্ধন ও লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর আওতায় রাস্তার পাশে যারা পিঠা, পুরি ও পেঁয়াজুর মতো খাবারের ব্যবসা করেন, তাদেরও নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পরে পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
মোট ১৬ শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্য স্থাপনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে রয়েছে রেস্তোরাঁ, বেকারি, ফলের রসের দোকান, পিঠা ও পুরি বিক্রেতা, মিষ্টির দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠান। প্রচলিত এই ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার জন্য প্রথমবার বিনা মূল্যে নিবন্ধন দেওয়া হবে। যেসব পণ্যের মোড়কে নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক, সেখানে তা প্রদর্শন করতে হবে।
শিশুদের ফর্মুলা দুধ এবং বিশেষ খাবারের ব্যবসা করতে নিবন্ধনের পাশাপাশি লাইসেন্স নিতে হবে ব্যবসায়ীদের। স্বাস্থ্যসহায়ক ও সম্পূরক খাদ্য, জৈব খাদ্য এবং পুষ্টিসমৃদ্ধ খাবার ব্যবসায়ীদের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে এবং এর জন্য ফি দিতে হবে। সংশ্লিষ্ট ফরম পূরণ করে প্রাথমিক পর্যায়ে বিএফএসএর সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে।
নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর এবং মেয়াদ শেষ হলে তা অবশ্যই নবায়ন করতে হবে। যেসব খাদ্যপণ্যের মোড়কে নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক হবে, সেসব পণ্যের প্যাকেট বা মোড়কে নম্বরটি প্রদর্শন করতে হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে।