উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে স্নাইপার দিয়ে গুলির ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিকী নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার সকালে এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক জানান, আটকের পর ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ও এসআরবির সহায়তায় তাকে আটক করা হয় এবং বর্তমানে তিনি ডিএমপির হেফাজতে রয়েছেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে রুয়েটের একটি বাসে চড়ে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশ ও দুর্গাপূজা উপলক্ষে একটি মন্দির পরিদর্শন শেষে বিমানবন্দরে ফিরে যান। পরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের ফেসবুক পেইজে বাসটির ছবি পোস্ট করা হলে, আবু বকর সিদ্দিক নামের আইডি থেকে মন্তব্য করা হয়, ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।
এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।