উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন কতিপয় শিক্ষার্থী ও অভিভাবক।
সংবাদ সম্মেলনে কামার আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল-আমিন ইসলাম তামিম বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ও প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের এক বছর পিছিয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব। তিনি জানান যে তাদের আন্দোলন কোনো সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নয়, বরং শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ ও ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যেই এই শান্তিপূর্ণ উদ্যোগ।
শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে মোট পাঁচ দফা দাবি তুলে ধরেন যার মধ্যে রয়েছে চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন এবং একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া। পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দিয়ে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করার বিকল্প দাবিও জানানো হয়।
একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা বা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয় বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা। নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
পরীক্ষার সিলেবাস, মানবণ্টন ও মূল্যায়নপদ্ধতির সুস্পষ্ট নির্দেশনা দ্রুত প্রকাশের দাবিও জানান শিক্ষার্থীরা যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নেওয়ার সুযোগ পান। পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা এবং দ্রুত ফল প্রকাশ করে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষার অনুরোধ জানান তারা।