উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে সাত বছর বয়সী এক শিশুসহ মোট পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া সরকারি কলেজের উত্তরে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নাতুল আফরা (৭), মোছাম্মৎ আনিস খাতিজা (৩৫) এবং প্রাইভেটকার চালক মো. আনোয়ার (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আসা মারসা পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-১২১৩) ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী প্রাইভেটকারের (চট্টমেট্রো-গ-১২-৬০৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় সৈয়দ মো. রিদোয়ানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও প্রাইভেটকার দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।