উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক রিমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর বলে সন্দেহ করেন এবং হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আঙুলের ছাপ মিলিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করে। নিহত আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন এবং তাঁর পরিবার জানিয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন ও স্ট্রোকে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।