উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে আসা কয়েকজন হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
নিহত তাইজুল সরদার সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার প্রয়াত রুস্তুম আলী সরদারের ছেলে এবং তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালিগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে আড্ডার সময় ইজিবাইকে আসা কয়েকজন হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে জহির ও মহসিনকে কুপিয়ে জখম করেন। পরে হামলাকারীদের ধাওয়া দিয়ে তাইজুল ও আল আমিনকে পিটুনি দেন এলাকাবাসী এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তাইজুল মারা যান। এ ছাড়া গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।