উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে আইনি প্রক্রিয়া শেষে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ভাটিয়ারী ও সলিমপুর মাছঘাট এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। উপকূলীয় এলাকায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ। তিনি জানান, অবৈধ কারেন্ট ও ইলিশ জালের ব্যবহার জলজ প্রাণ ও মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।