উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির অভিযোগ, নিজ দেশের নাগরিকদের জীবন রক্ষায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সিপিবির নেতারা এই প্রতিবাদ জানান।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বিষয়ে কিছুই জানত না। বিদেশে বাংলাদেশের নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সরকারের কার্যকর ভূমিকা থাকা দরকার ছিল। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকলেও তাঁদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশের সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, যিনি বিদেশে আটক বা কারাবন্দী বাংলাদেশিদের তালিকা তৈরি করার দাবি জানান। রাষ্ট্রীয় খরচে প্রবাসীদের আইনি সহায়তা প্রদান এবং নিয়মিত কারাগার পরিদর্শনের দাবি জানিয়ে তিনি বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্ত করতে সরকারকে জরুরি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।