উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আদালতের নিষেধাজ্ঞা ও ভূমি অফিসের তদন্ত প্রতিবেদন উপেক্ষা করে চুয়াডাঙ্গার দর্শনায় এক বৃদ্ধ চা দোকানির জমি জোরপূর্বক দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বেগমপুর বিলপাড়া গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সিরাজুল ইসলাম এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে ৬১ বছর বয়সী সিরাজুল ইসলাম জানান, ১৯৯০ সালে তিনি ৩০ শতক জমি কিনে দীর্ঘ ৩৬ বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু ২০২৩ সালের ২৭ জুন একই এলাকার জাকির হোসেন জোরপূর্বক ৭ শতক জমি দখলের চেষ্টা করলে তিনি আদালতে মামলা করেন, যার পক্ষে এসিল্যান্ড এবং আদালত স্থিতিতাবস্থার রায় দেন।
অভিযোগে বলা হয়, বিবাদী জাকির হোসেন আদালতের নির্দেশ ও পুলিশ ফাঁড়ির নোটিশ অমান্য করে গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে পুনরায় জমিতে পাকা ঘর নির্মাণ শুরু করেছেন। বাধা দিতে গেলে তাঁকে মারধরের উপক্রম করা হয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, যার প্রতিকারে তিনি ২০ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভোগা সিরাজুল ইসলাম ও তাঁর পরিবার নিজেদের বৈধ জমি রক্ষা এবং জীবনের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তাঁর পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।