উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে বিয়ের খরচ জোগাতে ছিনতাইয়ের অভিযোগে এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা এবং তাঁরা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। গত ১৮ অক্টোবর সকালে বনস্থলিপুরমের একটি মন্দিরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ২৩ বছর বয়সী অন্নাপু রেড্ডি দুর্গা রমনা রেড্ডি ও ২৪ বছর বয়সী তেঙ্কা বারালক্ষ্মী। ভুক্তভোগী ৬৫ বছর বয়সী মন্দিরকর্মী আন্দুগুলা রমুলাম্মা অভিযোগ করেন, অভিযুক্তরা তাঁকে সাহায্যের কথা বলে তাঁর মুখ চেপে ধরে প্রায় ৩০ গ্রাম ওজনের সোনার চেইন ছিনিয়ে নেন।
তদন্তে জানা গেছে, ওই যুগল চাকরির সন্ধানে মাসখানেক আগে হায়দরাবাদে এসেছিলেন। তবে কোনো কাজ না পাওয়ায় অর্থসংকটে পড়েন এবং পরিকল্পিত বিয়ের খরচ জোগাতে অপরাধের পথ বেছে নেন। সিসিটিভি ফুটেজ দেখে বুধবার সকালে কমলা নগরের একটি গয়নার দোকানের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা সোনার চেইন ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। দেড় বছর ধরে প্রেমের সম্পর্কে থাকা এই যুগলের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই। বর্তমানে তাঁদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।