উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুরান ঢাকার কাপ্তান বাজার থেকে বৃহস্পতিবার ভোরে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে মুরগি নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাচ্ছিলেন মো. শামীম হাওলাদার। পথে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয় একটি বেপরোয়া গতির ট্রাক। এতে ভ্যানচালক মো. রাসেল ও মুরগির দোকানের কর্মচারী শামীম দুজনেই গুরুতর আহত হন।
দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, সকাল আটটার দিকে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ভ্যানচালক রাসেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহত শামীমের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায় এবং তাঁর বাবার নাম শাহজাহান হাওলাদার। তিনি সপরিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থাকতেন এবং তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।