উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায় অবৈধভাবে মজুত করা ১১৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১টায় এই অভিযান চালানো হয়। পরে জব্দকৃত সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ এক লাখ ১৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
‘মেসার্স চলনবিল এগ্রো এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ও কীটনাশক ব্যবসায়ী মো. মহাসিন আলমের মজুত করা সার নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা প্রশাসনকে জানান। খবর পেয়ে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে ৮৪ বস্তা টিএসপি ও ৩০ বস্তা এমওপি সার জব্দ করেন। এ সময় কৃষি বিভাগ ও পুলিশের সদস্যরাও অভিযানে উপস্থিত ছিলেন।
কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। মহাসিন আলম পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে কীটনাশকের ব্যবসা করেন এবং তাঁর বাসা হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর কালীবাড়ি এলাকায়।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় অবৈধভাবে সার মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।