উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নগরীর ১২ নং সরাইপাড়ায় দারুন্নাজাত হিফয মডেল ও গার্লস মাদরাসা'র যৌথ উদ্যোগে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ অক্টোবর বুধবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং প্রধান বক্তা ছিলেন আল্লামা এনামুল হক শিকদার।
প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা অত্যন্ত আগ্রহ সহকারে পর্যবেক্ষণ করেন এবং বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে পুরস্কার পাওয়ায় সন্তোষ প্রকাশ করে এসব শিক্ষা সহায়ক কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর আহমেদ গুডুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাওলানা আশিক উল্লাহ ও মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মনমুগ্ধকর ক্বিরাত, হামদ, না'ত, আরবি-ইংরেজি কথপোকথন ও বক্তৃতায় উপস্থিত অতিথিবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।
অধ্যক্ষ তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। পরিশেষে মিলাদ, দোয়া-মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই আনন্দঘন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।