উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দামুড়হুদার দর্শনা যুব সংঘের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ অক্টোবর বিকাল ৪ টার সময় দর্শনা পৌরসভার শান্তিনগর সুগন্ধা মাঠে, উৎসবমুখর পরিবেশে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ও বিপুল দর্শক উপস্থিতিতে পুরো এলাকাটি এক দুর্দান্ত ফুটবল উৎসবে পরিণত হয়েছিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মেয়র মনোনয়ন প্রত্যাশী ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল করিম। এ সময় দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়কসহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় আনন্দ যুব সংঘ ও উইলস ক্লাব, যেখানে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে মাঠজুড়ে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে পেনাল্টি শুটআউটে ৪–৫ গোলের ব্যবধানে আনন্দ যুব সংঘ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।