উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজ অটোভ্যানচালক কিশোর সবুজ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে এসআরবি-১৪। এ ঘটনায় মামলার দুই পলাতক আসামি হাবিব ও শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাহিনের দেখানো মতে, সখিপুরের বহেরাতৈল আন্দি গ্রামের গভীর জঙ্গল থেকে কিশোর সবুজের মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে।
নিহত সবুজ টাঙ্গাইলের সখিপুর থানার মিলপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে এবং সে জীবিকার তাগিদে ভাড়ায় অটোভ্যান চালাত। গত ২৬ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সন্ধান না পেয়ে পরদিন সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং পরবর্তীতে সবুজের বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।
এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের ছায়াতদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৯ অক্টোবর বিকেলে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ অক্টোবর সকালে মামলার প্রধান আসামি শাহীনকে গ্রেপ্তার করে আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত শাহীনের দেখানো স্থান অনুযায়ী সখিপুরের বহেরাতৈল আন্দিগ্রামের গভীর জঙ্গলে চিরুনি অভিযান চালিয়ে সবুজের পরিহিত শার্ট, স্যান্ডেল, মাথার খুলি, চুল ও হাড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।