উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে পূর্ণ নাগরিক মর্যাদায় নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গত বৃহস্পতিবার কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতা, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বাংলাদেশ, বিশেষত কক্সবাজার, বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। প্রধান আলোচক হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেন, রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের অবসান ঘটাতে হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির জেলা সদস্যসচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব এবং সঞ্চালনা করেন জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও জামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহাদ্দিস মাওলানা ড. হারুন আজিজী নদভী। বৈঠকে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকটের প্রভাবে কক্সবাজারের পরিবেশ, বনভূমি, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, জনস্বাস্থ্য ও অবকাঠামোর ওপর চাপ বাড়ছে।