উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে ২৮-১৬ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের পর নিশি বলেন, কোচ যেভাবে শিখিয়েছেন তারা সেভাবেই খেলার চেষ্টা করেছেন।
নিশি আরও জানান, দলের পজিশন ভালো থাকলেও মাঝে মাঝে খেলা এলোমেলো হয়ে গিয়েছিল। ভারতের গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নিশ্চিত কিছু গোল হাতছাড়া হওয়ায় তারা পিছিয়ে পড়েন। তবে প্রতিটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করেছেন বলে তিনি মন্তব্য করেন।
ফাইনালে ভারতের শারীরিক উচ্চতার ভীতি কাটিয়ে প্রথম ১০ মিনিট সমানে সমান লড়াই করেছিল আনা আলোনসো ফ্রাগুয়ার দল। প্রথমার্ধে ভারত ১৪-৯ গোলে এগিয়ে ছিল, তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে সফরকারীরা ব্যবধান আরও বাড়িয়ে নেয়।
ম্যাচে অবিশ্বাস্য সব সেভ করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভারতীয় গোলরক্ষক দিকশা কুমারী। উল্লেখ্য, চার জাতির এই টুর্নামেন্টে নেপাল ও মালদ্বীপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।