উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন ইউনিয়নে শাহিন মাঝি ও রিয়াজ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় যুবক হুমায়ুন ব্যক্তিগত শত্রুতার জেরে তাদের মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছে বলে ভুক্তভোগীদের দাবি।
ভুক্তভোগী শাহিন মাঝি জানান, হুমায়ুন তার ইটভাটায় কাজের জন্য অগ্রিম ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছিলেন। টাকা ফেরত চাইলে হুমায়ুন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সেই ঘটনার খণ্ডিত ভিডিও ব্যবহার করে তাকে হয়রানি করছে। অন্য ভুক্তভোগী রিয়াজ জানান, কোনো কারণ ছাড়াই হুমায়ুন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে অভিযুক্ত হুমায়ুনকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে অসংলগ্ন বক্তব্য দেয়। তবে গণমাধ্যমের হাতে আসা একটি ভিডিও ফুটেজে হুমায়ুনকে তাস খেলতে দেখা গেছে, যা তার চরিত্র ও উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, টাকা আত্মসাতের ঘটনা ঢাকতেই সে এই নোংরা অপপ্রচারের আশ্রয় নিয়েছে।
এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে ফেসবুকে মিথ্যা অপপ্রচারকারী হুমায়ুনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পুরো ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।