উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের কোকো রাম সরকারকান্দি গ্রামের রামনগর খালে প্রকাশ্যে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল ও মুন্নাফ নামের দুই ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে দিন-রাত এই বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অবৈধভাবে এই বালু তোলার ফলে খালের আশপাশের গ্রামীণ সড়ক, বসতবাড়ি এবং কৃষি জমি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, এমনিতেই প্রতিবছর বর্ষা মৌসুমে কোকো রাম সরকারকান্দি গ্রামে পদ্মা নদীর তীব্র ভাঙন দেখা দেয়। নদীর এই ভাঙন কবলিত এলাকায় এভাবে খোলাখুলি ড্রেজার চালিয়ে বালু তোলায় যেকোনো মুহূর্তে পুরো এলাকা ও ফসলি জমি খালের পেটে চলে যেতে পারে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে এই অবৈধ তাণ্ডব চললেও তারা প্রতিবাদ করতে পারছেন না।
যেকোনো বড় ধরণের বিপর্যয় এড়াতে এবং গ্রামীণ অবকাঠামো ও নদীপাড়ের মানুষকে বাঁচাতে অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সদরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দিন তিনি বলেন অবৈধভাবে সরকারি খাল থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার কোন সুযোগ নেই। আমরা প্রশাসনের মাধ্যমে এ ব্যাপারে অসাধু চক্রদের খাতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।